বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।
আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
হিরো আলম নির্দিষ্ট করে কয়েকটি কেন্দ্রের কথা উল্লেখ করেছেন জানিয়ে প্রশ্ন করলে রাশেদা সুলতানা বলেন, ‘এর কোনো ভিত্তি নেই। পত্রিকায় বিষয়টি আসার পরেই সকাল থেকে এটা আমলে নিয়ে আমরা রেকি করেছি।এর জন্য বগুড়া জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। জেলা-উপজেলা নির্বাচন কর্মকর্তা, থানা নির্বাহী অফিসারের (টিএনও) সঙ্গে স্যার (প্রধান নির্বাচন কমিশনার) নিজে কথা বলেছেন। তারা আমাদের নিশ্চিত করেছেন, এ ধরনের কোনো বিষয় তাদের কাছে নেই। তাদের রেজাল্ট একদম হান্ড্রেড পারসেন্ট ওকে।
বিষয়টি নিয়ে কমিশন আর কোনো তদন্তে যাবে কি না সংবাদকর্মীরা জানতে চাইলে তিনি বলেন, ‘না আমরা স্যাটিসফায়েড। আমাদের কাছে যে রেজাল্ট শিটগুলো এসেছে, সেগুলো আমরা নিজেরাও ক্যালকুলেট করে দেখলাম আসলে কোথাও কোনো ব্যত্যয় নেই। ’
উল্লেখ্য, জিততে না পারলেও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে চমক দেখিয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
বুধবার উপনির্বাচনে মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে ৫৯১ ভোটে পরাজিত হয়েছেন তিনি।
বগুড়া-৪ আসনের উপনির্বাচনে ১১২ কেন্দ্রের বেসরকারি ফলাফলে জয়ী মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেন পেয়েছেন ২০ হাজার ৪৩৭ ভোট। আর একতারা প্রতীক নিয়ে হিরো আলম পেয়েছেন ১৯ হাজার ৮৪৬ ভোট।


