প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আস্থার সংকট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে আপনাদের সঙ্গে সংলাপের আয়োজন করা হয়েছে। আমরা সব কিছুর ঊর্ধ্বে থেকে আস্থার সংকট কাটিয়ে নির্বাচন করতে চাই।
আজ সোমবার রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সাথে সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় কাজী হাবিবুল আউয়াল বলেন, কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা ফোর্স করা আমাদের পক্ষে সম্ভব নয়।তবে আমাদের দায়িত্ব থাকবে সকলকে আহ্বান করা। সব দল অংশ না নিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না, গণতন্ত্র বিকশিত হবে না।
সিইসি আরও বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পরই অংশীজনদের সঙ্গে সংলাপ করছি। এরই ধারাবাহিকতায় আপনাদের মতামত নিতে আপনাদের মূল্যবান কথা শুনবো।
উল্লেখ্য, এর আগে শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে তিন দফায় বৈঠক করে ইসি। এদিন সিইসি’র সভাপতিত্বে বেলা ১১টায় সংলাপ শুরু হয়।


