বাগেরহাটে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়ক শাকিল খান

0


 

মোংলা-রামপাল (বাগেরহাট-৩ আসনে) নৌকার নতুন প্রার্থী দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন স্থানীয় সম্ভাব্য চার মনোনয়ন প্রত্যাশী প্রার্থী। যার মধ্যে রয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা শাকিল খান।  


বক্তব্যে মনোনয়ন প্রত্যাশীরা বলেন, তাদের ৪ জনের মধ্যে একজনকে প্রার্থী দেয়া হলে নৌকা জিতবে। এছাড়া অন্য কাউকে নৌকা দেয়া হলে এখানে অর্থাৎ মোংলা-রামপালের নদীতে সেই নৌকা চলবে না।তাতে নৌকার ভরা ডুবি হবে। তাই নৌকার মাঝি পাল্টাতে হবে।  


সোমবার (২৮আগষ্ট) বিকেল ৫টায় মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে কৃষকলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোকসভায় বক্তারা এসব কথা বলেন। সভার শুরুতে বক্তব্য রাখেন বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু সাঈদ, মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার, খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আবু হানিফ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ-সভাপতি চিত্রনায়ক শাকিল খান।


এই চারজন দীর্ঘ দিন ধরে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে আসছেন। এদের মধ্যে চিত্রনায়ক শাকিল খান, শেখ আবু সাঈদ, শেখ আবু হানিফের বাড়ী রামপালে আর ইদ্রিস আলী ইজারদারের বাড়ী মোংলায়।  


এদিকে শোকসভার এ আলোচনা সভা ছাপিয়ে যায় নির্বাচনী বিশাল জনসভায়। মোংলা-রামপালের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকের সরব উপস্থিতিতে এ সভায় সম্ভাব্য প্রার্থী শেখ আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ আবু হানিফ ও চিত্রনায়ক শাকিল খান এ সময় বলেন, আগষ্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার শোককে শক্তিতে রুপান্তরিত করতে হবে।


তাছাড়া আসছে নির্বাচনে প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তারিা। এ সময় এই আসনের প্রার্থী পরিবর্তনের ডাক দেন তারা। বর্তমান যিনি সংসদ সদস্য আছেন তাকে আবারো মনোনয়ন দেয়া হলে নিশ্চিত পরাজিত হবেন, উল্লেখ করে তাদের ৪ জনের মধ্যে একজনকে প্রার্থী দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান তারা। এই চার সম্ভাব্য প্রার্থী বিগত নির্বাচনেও প্রার্থী হতে আলাদা আলাদা প্রচারণা চালালেও এবার একই মঞ্চে উঠেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top