ছয় মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) আশ্রয় চেয়েছে প্রায় ২১ হাজার বাংলাদেশি। চলতি ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন মাসের শেষ পর্যন্ত জোটের ২৭ সদস্য দেশ এবং সহযোগী সুইজারল্যান্ড ও নরওয়েতে আশ্রয়ের জন্য কতো আবেদন জমা পড়েছে তা প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ)। এতে আশ্রয় আবেদনকারীদের মধ্যে ছয় নম্বরে রয়েছে বাংলাদেশিরা।
ইইউএএ জানিয়েছে, এ বছরের প্রথম ছয় মাসে মোট আবেদন এসেছে ৫ লাখ ১৯ হাজার।এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি। মোট আবেদনকারীদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ২০ হাজার ৯২৬ জন।
মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।
ধারণা করা হচ্ছে, এই হারে আবেদন পড়তে থাকলে এ বছরের শেষ নাগাদ মোট আবেদনের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে।সিরিয়া যুদ্ধের কারণে ২০১৫-১৬ সালে সর্বশেষ এত বেশি আশ্রয় আবেদন পেয়েছিল ইইউ।
২০১৫ সালে ইউরোপীয় দেশগুলো সাড়ে ১৩ লাখ আশ্রয় আবেদন পেয়েছিল। ২০১৬ সালে সেই সংখ্যা ছিল সাড়ে ১২ লাখ। কিন্তু ২০১৭ সালে ইইউ তুরস্কের সঙ্গে অবৈধ সীমান্ত পারাপার রোধে চুক্তি করার পর আশ্রয় আবেদনের সংখ্যা কমে আসে।


