হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার এক তরুণ এনামুল হাসান নয়নকে আটক করা হয়। নয়ন স্থানীয় ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। পরদিন ২ জানুয়ারি দুপুরে মাহদী হাসানের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা থানা ঘেরাও করে নয়নের মুক্তি দাবি করেন। এ সময় থানার ভেতরে ওসির সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে মাহদী হাসান হুমকিমূলক বক্তব্য দেন। তিনি বলেন, “আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি” – এমন মন্তব্য করে ওসিকে হুমকি দেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এরপরই পুলিশ তাকে গ্রেফতার করে। হবিগঞ্জের পুলিশ সুপার জানান, হুমকি দেওয়ার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি মাহদী হাসানের এমন বক্তব্যকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে তাকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।
এ ঘটনা নিয়ে স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে আন্দোলনের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন, আবার কেউ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
গ্রেফতারের পর মাহদী হাসানকে আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।


