পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনা ২৬ জনের প্রাণহানি ঘটনার প্রধান আসামি শাহ আলম মিয়াকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
মাদারীপুরের শিবচরের বাংলা বাজার ঘাট সংলগ্ন কাঠালবাড়ি ঘাটে স্পিডবোট দুর্ঘটনাটি ঘটে। এসম্পর্কে কাঠালবাড়ি ঘাটের নৌ পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, গত ৩ মে সকালে ঘাটে নোংগর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে সিমুলীয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে স্পিডবোট টি ডুবে যায় এবং স্পিড বোটের ২৬ জন যাত্রী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নৌ পুলিশের এসআই লোকমান হোসেন বাদী হয়ে শিবচর থানায় স্পিডবোটের চালক শাহ আলম, দুই মালিক চান্দু মিয়া ও রেজাউল এবং ঘাটের ইজারাদার শাহ আলম খানের নাম সহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। দুর্ঘটনার পর থেকে স্পিডবোটে চালক গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৬ই মে রবিবার বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত প্রধান আসামি শাহ আলম কে রাত আটটার দিকে শিবচর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, এর আগে স্পিড বোটের মালিক চান্দু মিয়াকে রেপিড একশন ব্যাটালিয়ন ঢাকা থেকে গ্রেপ্তার করে। এ পর্যন্ত মামলাটিতে দুই জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।


