আজ সকাল ১১ টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা শাহপরান ফেরিতে বাংলাবাজার ঘাটের ভেড়ার আগে যাত্রী চাপে ১৫ বছরের কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঘাট সূত্র মতে জানা যায়, আজ সকাল ১০ টার দিকে শিমুলিয়া ঘাট থেকে যাত্রী বোঝাই করে রো রো ফেরি শাহ পরান ছেড়ে আসে। সকাল ১১ টার দিকে বাংলাবাজার ফেরিঘাটের তিন নম্বর প্লাটুনে শাহপরান ফেরিটি নোঙ্গর করে।সকল যাত্রীরা নেমে যাওয়ার পরে আনসুর মাতুব্বর নামে ১৫ বছরের এক কিশোর ফেরিতে মারা গেছে বলে জানা যায়। মৃত্যুর খবর পেয়ে পুলিশ এসে আনছুর মাতব্বরের লাশ উদ্ধার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফেরিতে প্রচন্ড গরম ও অতিরিক্ত যাত্রী চাপের কারণে আনছুর মাতব্বরের মৃত্যুর ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় পুলিশ আনসুর মাতব্বরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। আনসুর মাতুব্বর শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কলিকাপ্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাতব্বরের ছেলে । তিনি ঈদ করতে গ্রামের বাড়ি শরীয়তপুরে যাচ্ছিলেন বলে জানা গেছে।


