২৪ ঘন্টার ব্যবধানে আফগানিস্তানের দুটি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান মিলিশিয়ারা। তারা প্রথমে দখল করে নিমরোস প্রদেশের রাজধানী জারানযা। এরপর শনিবার তালেবানদের হাতে পতন ঘটে যাওজান প্রদেশের রাজধানী সেবারগানের। তালেবানদের কাছে দুটি প্রাদেশিক রাজধানী হারানোর খবর নিশ্চিত করেছে আফগান কর্মকর্তারা।
আল-জাজিরার বরাত দিয়ে জানানো হয়, শিবেরঘানের সরকারি বাহিনীর কর্মকর্তারা বিমানবন্দর এলাকায় অবস্থান করছে। সেখানেই তারা নিজেদের রক্ষা করার জন্য চেষ্টা করবে। সরকারি কর্মকর্তা বিসমিল্লা সাহিল জানান, তালেবান মিলিশিয়ারা শহরের প্রধান ভবনগুলো দখল করে নিয়েছে। গভর্নরের কার্যালয়, পুলিশ সদর দপ্তর এবং কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। তবে এখনও শহরের বেশ কিছু এলাকায় সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেবারঘান থেকে তালেবানদের অপসারণ করতে অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকারি বাহিনী। আল-জাজিরার কাছে এমন তথ্য দিয়েছে স্থানীয় আফগান কর্মকর্তারা। তাদের সাথে যোগ দিতে যাচ্ছে স্থানীয় তালেবান বিরোধী বাহিনী।


