শিক্ষামন্ত্রী দীপু মনি এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় মত আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান নভেম্বর ও ডিসেম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ ২৫ সেপ্টেম্বর শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত বঙ্গবন্ধু ডিজিটাল এক্সিবিশন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকল তথ্য জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আশা করছি সময় মত হবে। নভেম্বর-ডিসেম্বরে আমরা তারিখ ঠিক করেছি। মধ্য নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের শেষদিকে এইচএসসি পরীক্ষা হবে।
এছাড়া মন্ত্রী বলেন, করোনা সংক্রমণ নিয়ে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে। সংক্রমনের ঘটনাগুলোতে স্কুলের সবার পরীক্ষা করা হয়েছে। প্রশাসন পরিস্থিতি মনিটরিং করছে।
এসময় শিক্ষামন্ত্রী জানান করোনা পরিস্থিতি খারাপ হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। তবে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরু নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মন্ত্রী।


