টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলংকার সাথে কিছুটা লড়াই করে পরাজয় বরণ করলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সাথে অসহায় ভাবে আত্মসমর্পণ করেছে মাহমুদুল্লাহ রিয়াদ বাহিনী। আজ ইংল্যান্ডের বিপক্ষে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান করে বাংলাদেশ দল। সেই রান প্রায় ৬ ওভার বাকি থাকতেই ৮ উইকেট হাতে রেখে খুব সহজেই টপকে যায় ইংল্যান্ড।
আজকের খেলা শেষে স্বাভাবিকভাবেই ব্যাটসম্যানদের দিকে আঙুল তুলে বাংলাদেশি দর্শক ও গণমাধ্যম কর্মীরা। ব্যাটিং ব্যর্থতার ভরাডুবির দিনে বাংলাদেশি অধিনায়ক অথবা সিনিয়র কোন প্লেয়ার গণমাধ্যমে ব্যাখ্যা দিতে না এসে সেখানে পাঠান তরুণ বলার নাসুম আহমেদকে।
গনমাধ্যম কর্মীরা ব্যাটিং ব্যর্থতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়। আমরা প্রথম ছয় ওভারে রান তুলতে পারছি না। এজন্য আমরা পিছিয়ে পড়ছি। রান তুলতে পারছি না উল্টো উইকেট পড়ে যাচ্ছে। এটা নিয়ে সবাই আলোচনা করছি। সবারই ভালো কিছু করার চেষ্টা আছে। কিন্তু আমাদের দিয়ে হচ্ছে না।

