জেলা আওয়ামী লীগের একটি সূত্র জানায়, আগামী ১১ নভেম্বর শরীয়তপুর সদর এর ১০ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আওয়ামী লীগের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার লক্ষ্যে গত ৩ অক্টোবর সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা শরীয়তপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ওই সভা থেকে তৃণমূলের প্রার্থীদের নামের তালিকা রেজুলেশন করে আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়। ওই তালিকার মধ্যে মাহমুদপুর ইউনিয়ন এর চেয়ারম্যান পদের জন্য শাহ আলমের নাম ছিলনা। ১০ অক্টোবর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন। সেখানে সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তার নাম রয়েছে।
তাই আজ সকালে শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন বঞ্চিতরা এবং তাদের সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান ঢালী, দলীয় মনোনয়ন বঞ্চিত লিয়াকৎ হোসেন ঢালী, স্থানীয় আওয়ামী লীগ নেতা মামুন খান, সুমন ঢালী, হারুন খালাসী প্রমুখ।
মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান ঢালী এ বিষয়ে বলেন, শাহ আলম ইতালি প্রবাসী। কোন দলীয় পদে নেই। তৃণমূল থেকে তার নাম প্রস্তাব করা হয়নি। তাহলে কীভাবে তিনি মনোনয়ন পেলেন। এভাবে ভৌতিক মনোনয়ন দিলে স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা হতাশ হন। আমরা চাই মনোনয়নপত্র প্রত্যাহার করে কোন ত্যাগী নেতাকে দলীয় মনোনয়ন দেওয়া হোক।

