বিএনপি'র সংসদ সদস্যরা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার স্বার্থে বিদেশে নিতে রাস্ট্রপতির কাছে আবেদন জানিয়েছেন। আজ ২১ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে সংসদ ভবনের সামনে মানববন্ধনের মাধ্যমে এই আবেদন জানান বিএনপির সংসদ সদস্যরা।
বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশের সুচিকিৎসার দাবিতে মানববন্ধনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য জি এম সিরাজ, সংসদ সদস্য জাহিদুর রহমান উকিল, আব্দুস সাত্তার, আমিনুল ইসলাম ও মোশাররফ হোসেন।
এসময় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, প্রধানমন্ত্রী ইচ্ছার ওপর নির্ভর করছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমোদন পাওয়া না পাওয়ার বিষয়টি। খালেদা জিয়া মুক্তি পেলে মানুষের মধ্যে উদ্যম সৃষ্টি হবে তা দমন করার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিদেশে চিকিৎসার জন্য সুযোগ থেকে বঞ্চিত করছেন।
এ সময় তিনি আরো বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত ৩০ জনের বেশি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করা হয়েছে। লক্ষীপুরের খুনের আসামির সাজা মওকুফ করেছে সরকার। নাটোরের কামাল হত্যার আসামিদের সাজা মওকুফ করেছে। আজ দেশে আইনের শাসন থাকলে খালেদা জিয়াও মুক্তি পেত।
এ সময় বিএনপির সংসদ সদস্যরা আরো বলেন, খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া হলে আমরা সংসদ সদস্য থাকবো কিনা তা চিন্তাভাবনা করব।

