শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের ডগ্রী বাজার এলাকার সৌদি আরব প্রবাসী হোসেন হাওলাদারের স্ত্রী আখি আক্তার(৩১) নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে নড়িয়া থানা পুলিশ। ডগ্রি গ্রামের নিজ বাড়ির বসবাসকারী ঘর থেকে আজ ৮ ডিসেম্বর বুধবার রক্তাক্ত অবস্থায় ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত আখির পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে আঁখি তার দুই সন্তান ও শাশুড়ি কে নিয়ে বসত ঘরে ঘুমিয়ে ছিলেন। বুধবার ভোর ছয়টার দিকে আখির শাশুড়ি নুরজাহান বেগম ওযু করার জন্য বাহিরে যাওয়ার সময় ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে দিয়ে যায়। অতঃপর ঘরের ভেতর থেকে আখির শাশুড়ি নুরজাহান বেগম কান্নাও চিৎকারের শব্দ শুনে ঘরে প্রবেশ করে দেখতে পান আখির মেয়েরা মাকে জড়িয়ে ধরে কান্না করছে। পরবর্তীতে বাড়ির অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা ঘরে ঢুকে আঁখিকে মৃত অবস্থায় দেখতে পায়।
এ ঘটনা সম্পর্কে নড়িয়া থানা পুলিশ জানায়, উক্ত ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে এখনো চিহ্নিত করতে পারেনি পুলিশ। এ সময় পুলিশ জানায় নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

