শরীয়তপুরের চিতলিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ

0


 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের ৫০ জন আহত হয়েছেন। চিতলিয়া ইউনিয়নের গাজার বাজার এলাকায় উক্ত সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। সংঘর্ষের ঘটনায় আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার এবং সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুন হাওলাদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার দুজন সমর্থক আংগারিয়া বাজারে গেলে হারুন হাওলাদারের সর্মথকরা তাদেরকে মারধর করেন বলে অভিযোগ উঠে। এ নিয়ে গতকাল সকাল থেকে কয়েক ঘন্টা ব্যাপী চিতলিয়া ইউনিয়নের গাজার বাজার এলাকায় উক্ত দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় গ্রুপের অর্ধশত লোক আহত হয়েছেন। অতঃপর খবর পেয়ে পুলিশ এসে সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


সংঘর্ষের ঘটনা সম্পর্কে পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন জানান, চিতলিয়া ইউনিয়নে পারিবারিক দ্বন্দ কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার ও হারুন হাওলাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে উভয় গ্রুপের লোকজন আহত হয়েছেন। উভয় গ্রুপই মামলার প্রস্তুতি নিচ্ছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top