জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’। মনোমুগ্ধকর জমকালো অনুষ্ঠানটি শুরু হয় গতকাল বিকাল পৌনে ৫টায়।
অনুষ্ঠানে সুরের মূর্ছনায় ঢাকা মাতালেন ভারতীয় সুরসম্রাট ও অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। যে ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটযুদ্ধে নেমে পড়েন খেলোয়াড়রা, সেই মাঠে গতকাল উঠল সুরের ঝংকার। একের পর এক ‘মোকাবেলা সুবহানাল্লাহ... ও ও ও লায়লা’, ‘রঙ দে বাসন্তী...’ ‘পিয়া পিয়া... জিয় জিয়’ বিখ্যাত গান গেয়ে মাত করে দেন ভারতীয় এই সংগীত কিংবদন্তি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে উপস্থিত হয়ে এ আর রহমানের গান উপভোগ করেন।
অস্কারজয়ী সুরকার এ আর রহমান জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বলেন, ‘বঙ্গবন্ধু শুধু একজন মহান মানুষই নন, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। বাংলাদেশে এসে আমার খুব ভালো লাগছে যে এমন একজন মানুষের জন্মশতবার্ষিকীতে আমি প্রোগ্রাম করছি। বাংলাদেশে এসে আমি মুগ্ধ।জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ’


