যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’ বৈশ্বিক পাসপোর্ট সূচকের তালিকা প্রকাশ করেছে। সংস্থাটির ২০২২ সালের দ্বিতীয় সংস্করণের শক্তিশালী পাসপোর্ট সূচকে অবনতি ঘটেছে বাংলাদেশের। এতে বাংলাদেশের অবস্থান ১০৪তম, যা গত প্রান্তিকের চেয়ে এক ধাপ নিচে। ওই প্রান্তিকে গতবার বাংলাদেশ একবারে পাঁচ ধাপ ওপরে উঠে ১০৩তম হয়েছিল।
মঙ্গলবার বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক এই পরামর্শক প্রতিষ্ঠান। যেখানে সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০৪তম অবস্থানে রয়েছে কসোভো ও লিবিয়া। এদিকে, পাসপোর্ট সূচকে বাংলাদেশের প্রতিবেশী দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতের র্যাংকিং ৮৪। মিয়ানমারের অবস্থান ৯৮।
এখন অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা রয়েছে ১০৩ নম্বরে। আর পাকিস্তানের অবস্থান ১০৯তম।এছাড়া গত প্রান্তিকের সূচকের সঙ্গে তুলনা করলে শীর্ষ ১০ র্যাংকিংয়ে তেমন কোনো পরিবর্তন আসেনি। জাপান ও সিঙ্গাপুর গতবারও শীর্ষস্থানটি দখলে রেখেছিল।


