ইউরোপের দেশ সার্বিয়া বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও ইংরেজির শিক্ষক নিতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সফররত সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ কথা জানান তিনি।
বৈঠকে দুই মন্ত্রী কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসাবিহীন যাতায়াত এবং নিয়মিত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই করেন।
অতঃপর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করেন।
ড. মোমেন বলেন, বাংলাদেশ ও সার্বিয়ার ব্যবসা-বাণিজ্য খুব কম। এটা কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। তারা আমাদের দেশে ব্যবসা-বাণিজ্য বাড়াবেন বলেছেন। উভয়পক্ষের চেম্বার অব কমার্স আসা-যাওয়া করবে।
ড.মোমেন আরো বলেন, সার্বিয়া আমাদের শ্রমশক্তি নিয়ে খুশি।তাদের যেসব কোম্পানি আমাদের লেবার নিয়োগ করেছে, তাদের সার্ভিস নিয়ে তারা সন্তুষ্ট। তারা মনে করে, এদেশ থেকে আরও কর্মী যাবার সুযোগ রয়েছে। তারা ডাক্তার, প্রকৌশলী, নার্স ও ইংরেজি শিক্ষক নিতে চায়।
সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আমার জন্য ঐতিহাসিক সফর। কেন না, এ বছর আমরা সম্পর্কের ৫০ বছর পূর্ণ করেছি। ৫০ বছর আগে আমাদের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হয়েছে, সেটাকে আরও বাড়াতে চাই।


