দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ইউরোপের দেশ গ্রিসে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ তৈরি হয়েছে। গত ১২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের আবেদনের জন্য অনলাইন প্ল্যাটফর্ম খুলে দেওয়ার পরই আবেদন করা শুরু করেছেন অনিয়মিত বাংলাদেশিরা। ইতিমধ্যে তিনজন বাংলাদেশির আবেদন গ্রহণ করে অস্থায়ী রেসিডেন্স সংক্রান্ত একটি নিশ্চিতকরণ সনদ প্রদান করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
এ বিষয়ে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ বলেন, আমাদের দূতাবাসের সুদীর্ঘ দুই বছরের কূটনৈতিক তৎপরতার ফলশ্রুতিতে অবশেষে আমরা বাংলাদেশ ও গ্রিসের মধ্যকার যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, সেটার প্রথম ধাপ বাস্তবায়ন হলো।যার ফলে এখানে আমাদের যে অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা ছিলেন, তাদের বৈধ হওয়ার একটা সুযোগ এসেছে।
তিনি বলেন, সমঝোতা স্মারকের বিভিন্ন পর্যায় পেরিয়ে এবং আইনের বিভিন্ন জটিলতা সব নিরসন হয়ে অবশেষে চলতি বছরের গত ১২ জানুয়ারি থেকে গ্রিক সরকার সেই বহুল প্রতীক্ষিত যে অনলাইন প্ল্যাটফর্ম, সেটা চালু করেছে। এর মধ্য দিয়ে দেশটিতে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিরা অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ হলে অস্থায়ী রেসিডেন্ট কার্ড (বেবুয়সি) ই-মেইলে পেয়ে যাবেন।


