আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত আলোচিত ছবি ‘পাঠান’। বাদশার বড় পর্দায় প্রত্যাবর্তন ঘিরে ভারতজুড়ে উদ্দীপনা তুঙ্গে। রাজধানী দিল্লিতে ২,২০০ রুপিতে বিক্রি হচ্ছে ‘পাঠান’ ছবির টিকিট। এত দামেও টিকিট পাওয়ার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় শাহরুখ খানের ভক্তরা।
যশ রাজ ফিল্ম প্রযোজিত ছবি ‘পাঠান’। নামভূমিকায় বলিউডের বাদশা শাহরুখ খান। ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর প্রথম ছবি ‘পাঠান’। এই ছবির হাত ধরেই প্রায় পাঁচ বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ।
স্বভাবতই, অনুরাগীদের ‘পাঠান’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ছবির টিকিটের অগ্রিম বুকিং। টিকিটের দাম যাই-ই হোক, বাদশা ভক্তদের মধ্যে তুঙ্গে টিকিটের চাহিদা। দিল্লিতে এক প্রেক্ষাগৃহে ২,২০০ রুপিতে বিক্রি হচ্ছে ‘পাঠান’ এর টিকিট।
এত দামি টিকিট হওয়া সত্ত্বেও অগ্রিম বুকিংয়েই প্রায় হাউসফুল বেশির ভাগ প্রেক্ষাগৃহ। ছবি মুক্তির দিনে যে বক্স অফিসে বড় অঙ্কের ব্যবসা করতে চলেছে ‘পাঠান’, তা নিয়ে কোনও সন্দেহ নেই।


