নতুন বছরে প্রবাসী আয় সুবাতাস দিয়ে শুরু করে দ্বিতীয় সপ্তাহেও এ ধারা অব্যাহত ছিল। এরপর তৃতীয় সপ্তাহে এসে কিছুটা ছন্দপতন হলেও গত মাসগুলোর তুলনায় মাসের ২০ দিনে প্রবাসী আয় এখনও ঊর্ধ্বমুখী। রবিবার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ২০ জানুয়ারি পর্যন্ত প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
জানুয়ারি মাসের ২০ দিনে দেশে প্রবাসী আয় আসে ১৩১ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার।এর মধ্যে প্রথম ও দ্বিতীয় সপ্তাহে আসে যথাক্রমে ৪০ কোটি ৮৩ লাখ ৮০ হাজার ও ৫২ কোটি দুই লাখ ৬০ হাজার ডলার। তৃতীয় সপ্তাহে কিছুটা কমে ৩৮ কোটি ৬৬ লাখ ১০ ডলারে নামে। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ ১৭৫ কোটি ৩০ লাখ ডলার ছাড়িয়ে যাবে। আর তাতে ইতিবাচক ধারায় থাকবে প্রবাসী আয়।
গত বছরের সেপ্টেম্বরে প্রবাসী আয়ের ছন্দ পতনের পরপরই নড়েচড়ে বসে সরকার। রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সরকার বিভিন্ন রকম উদ্যোগ নেয়। এ সময় মানি ট্রান্সফার ও ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আসার ক্ষেত্রে ফি মওকুফের ঘোষণা দেওয়া হয়, নির্দিষ্ট পরিমাণ রেমিট্যান্স পাঠাতে অর্থের উৎস নিয়ে প্রশ্ন না তোলা, মোবাইল ফাইনান্সিং ব্যবহার করে দ্রুত টাকা পাঠানো সুবিধার ঘোষণা এবং রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে হুন্ডির মাধ্যমে পাঠানোর কুফল প্রচার করা শুরু হয়।
এর সুফলও পাওয়া যায়। পরের মাস থেকে বাড়তে শুরু করে প্রবাসী আয়। ডিসেম্বর মাসে এটি একটি দৃশ্যমান ভালো অবস্থানে এসে দাঁড়ায়। ফলে স্বস্তির আভাস মেলে বৈদেশিক বাণিজ্যে। চলতি বছরের শুরুটা ইতিবাচক ধারা দিয়েই শুরু হয়। এরই মধ্যে তৃতীয় সপ্তাহে এসে কিছুটা কমে যায়। তবে প্রবাসী আয় চলমান থাকায় আশার সঞ্চার হচ্ছে।


