সাম্প্রতিক সময়ে অনলাইন কিংবা অফলাইন- সর্বত্র আলোচিত নাম আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। ২০১৮ সালে অংশ নিয়েছিলেন সংসদ নির্বাচনেও। এবার বগুড়া-৬ এবং বগুড়া-৪ আসনের উপনির্বাচনে লড়াই করেছেন। বগুড়া-৬ আসনে বড় ব্যবধানে হারলেও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন।শেষ পর্যন্ত মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে (মশাল) ৫৯১ ভোটে হেরে যান হিরো আলম।
বুধবার সন্ধ্যায় ঘোষিত ফলাফলে বগুড়া-৪ আসনের উপ-নির্বাচনে ১১২ কেন্দ্রের ফলাফলে জয়ী মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেন পেয়েছেন ২০ হাজার ৪৩৭ ভোট আর হিরো আলম পেয়েছেন ১৯ হাজার ৮৪৬ ভোট। যদিও শুরুর একের পর এক কেন্দ্রে চমক দেখাচ্ছিলেন হিরো আলম কিন্তু শেষ পর্যন্ত মশালের কাছে হেরে যান।
বেসরকারিভাবে ফলাফলের পর হিরো আলম ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সাথে তিনি বলেন, নির্বাচনে কারচুপি করে আমাকে হারানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে আমি জয়ী হয়েছি। আমার এজেন্টদের কাছে ফলাফল সিট দিয়ে আসা হয়নি। এছাড়া ফলাফল প্রকাশের সময় ৩৯ টি সেন্টার পর্যন্ত ঠিক ছিল বাকি দশটা আমাকে অবহিত না করে সরাসরি অপর প্রার্থীকে বিজয় ঘোষণা করা হয়। তাই আমি নির্বাচন কমিশনের কাছে আপিল করব।
এছাড়া একটি বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারের সময়ে তিনি বলেন, কিছু শিক্ষিত লোক আমাকে জয়ী হতে দেয়নি কারণ তাদের আমাকে স্যার বলে ডাকতে হবে।


