লিবিয়া থেকে ইতালি যাচ্ছিল নৌকাটি। মাঝে গ্রিসের সমুদ্রে তাতে যান্ত্রিক গোলযোগ হয়। ফলে ডুবে যেতে শুরু করে নৌকাটি। এই ঘটনা ঘটেছে গত বুধবার।
ওই দিন থেকেই গ্রিসের কোস্টগার্ড সমস্তরকম যন্ত্রপাতি নিয়ে নৌকায় থাকা ব্যক্তিদের উদ্ধারকাজে নামে।
গ্রিস কোস্টগার্ড জানিয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করা গেছে। মরদেহ উদ্ধার হয়েছে ৭৯টি। কিন্তু তাদের আশঙ্কা, ওই নৌকায় প্রায় ৭৫০ যাত্রী ছিলেন।
তাদের মধ্যে নারী, গর্ভবতী নারী এবং শিশুরাও ছিল। তাদের কারও খোঁজ এখনও মেলেনি। অধিকাংশ যাত্রীর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।বৃহস্পতিবারও দিনভর উদ্ধারকাজ চলেছে।কিন্তু সকলকে এখনও খুঁজে পাওয়া যায়নি। নৌকাটির কিছু অংশ মিলেছে গভীর সমুদ্র থেকে।
গ্রিসের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে মূলত সিরিয়া, মিশর এবং পাকিস্তানের শরণার্থীরা ছিলেন। যারা লিবিয়া হয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছিলেন। যারা উদ্ধার হয়েছেন, তাদের সকলেকেই গ্রেফতার করা হয়েছে।


