দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপিসহ চার রাজনৈতিক দলে যোগদানের প্রস্তাব পেয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। বৃহস্পতিবার বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
হিরো আলম বলেন, ‘আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসছি। আপনাদের জন্য একটি সুখবর আছে সেটা হলো আমি যে কোনো একটা দলে যোগদান করছি।আমি চার দল থেকে প্রস্তাব পেয়েছি। দলগুলো হলো- বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এই দলগুলোর মধ্যে থেকে যে কোনো একটি দল থেকে আমি জাতীয় সংসদ নির্বাচনে আসছি। ’
এবার হিরো আলম আর স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবে না জানিয়ে তিনি বলেন, ‘গত কয়েকবার আমি এক তারা প্রতীকে নির্বাচন করেছি।কিন্তু বর্তমানে একতারা প্রতীক নেই। তাই আমি এবার জাতীয় সংসদ নির্বাচনে একটা দলের হয়ে নির্বাচন করবো। আমি আবারও নির্বাচনের মাঠে আসতেছি। ’
বিএনপিসহ বড় বড় দলগুলো বলছে বর্তমান সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না এ অবস্থায় কি আপনি এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন জানতে চাইলে হিরো আলম বলেন, ‘সবগুলো দল যদি নির্বাচনে যায় তাহলে আমি নির্বাচনে যাবো।
চারটি দল কী আপনাকে প্রস্তাব দিয়েছে নাকি আপনি প্রস্তাব দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘তারাই আমাকে প্রস্তাব দিয়েছে। নির্বাচনের আগে আমি এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না।


