তামিল প্রযোজক রবিন্দর চন্দ্রশেখর কিছু দিন আগে নায়িকা মহালক্ষ্মীকে বিয়ে করে আলোচনায় এসেছিলেন। এবার তিনি অন্য কারণে খবরের শিরোনাম হলেন। জানা গেছে, প্রায় ১৬ কোটি রুপি প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
২০২০ সালে পৌরসভার আবর্জনা থেকে শক্তি উৎপাদনের কাজ পেয়েছিল চন্দ্রশেখরের সংস্থা। এই কাজে আরও দুই বিনিয়োগকারীকে যুক্ত করা হয়েছিল। তাদের থেকে ১৫ কোটি ৮৩ লাখ ২০ হাজার রুপি নেওয়া হয়েছিল।
অভিযোগ রয়েছে, এই অর্থ নেওয়ার পর চন্দ্রশেখরের সংস্থা কাজ শুরু করেনি।আবার তা ফিরিয়েও দেননি। তাতেই অভিযোগ দায়ের করা হয়েছে। আর এ কারণেই তামিল সিনেমার এই প্রযোজককে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, তামিল চলচ্চিত্র জগতে চন্দ্রশেখরের বেশ নামডাক রয়েছে।তার লিব্রা প্রোডাকশনসের ব্যানারে একাধিক হিট সিনেমা তৈরি হয়েছে। চলতি বছরেই তিনি তামিল অভিনেত্রী মহালক্ষ্মীকে বিয়ে করেন। তা নিয়ে বেশ চর্চা হয়েছিল। রীতিমতো ট্রলের শিকারও হন তিনি।


