শরীয়তপুরে ফের রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আটকে দেওয়ার চেষ্টা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে রোগীর স্বজনদের মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।
শনিবার সকাল ৮টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালের সামনে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স কম ভাড়ায় রোগী নিয়ে যাচ্ছিল। এ সময় সৌরভ নামে এক স্থানীয় যুবক অ্যাম্বুলেন্সটি থামিয়ে চাবি নিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে।
রোগীর স্বজনরা বাধা দিলে তার সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্বজনদের মারধরের হুমকি দেওয়া হয় এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রোগীর স্বজনরা নিরাপত্তার কথা বিবেচনা করে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে অন্য পথে যেতে বাধ্য হন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট শরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। কম খরচে রোগী পরিবহন করতে গেলেই তারা বাধা দেয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়।


