শরীয়তপুরে মাদক ব্যবসায়ীকে হাত পা বেঁধে বাঁশে ঝুলিয়ে ঘোরালো এলাকাবাসী

0


মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলায় স্থানীয় এলাকাবাসীর ব্যতিক্রমী প্রতিরোধের ঘটনা ঘটেছে। দুই যুবককে মাদক কারবারির অভিযোগে ধরে হাত-পা বেঁধে বাঁশে ঝুলিয়ে এলাকায় ঘুরানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল থেকে জাজিরা উপজেলার দক্ষিণ ডুবলদিয়া কাজী কান্দি এলাকায় দুই যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। স্থানীয় কয়েকজন যুবকের নজরে বিষয়টি আসলে তারা তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করেন। একপর্যায়ে অপর এক ব্যক্তি ওই দুই যুবকের কাছে আসলে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের সময় তারা পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন তাদের আটক করে।


আটককৃতদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি করেছেন স্থানীয়রা। ক্ষুব্ধ এলাকাবাসী তাদের একজনকে হাত-পা বেঁধে বাঁশে ঝুলিয়ে এলাকায় ঘুরিয়েছেন। অপরজনকে গান গাইতে এবং নাচতে বাধ্য করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা তাদের পুলিশের হেফাজতে তুলে দেন।


আটক দুই যুবক হলেন জাজিরা উপজেলার আড়াচন্ডি গ্রামের মুজিবর দারোগার ছেলে অপু দারোগা এবং একই গ্রামের মোসলেম দারগার ছেলে সাজু দারগা।


জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহম্মেদ জানান, “এলাকাবাসী দুই যুবককে ৮০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আগামীকাল (রোববার) তাদের আদালতে সোপর্দ করা হবে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top