সোমবার দুপুরে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতির এটি প্রথম সন্তান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে খুশির সংবাদটা নিজেই জানান বিরাট কোহলি। পোস্টে তিনি লেখেন,আপনাদের খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের কন্যা সন্তান হয়েছে। আপনাদের ভালোবাসা ও মঙ্গল কামনার জন্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আনুশকা ও আমাদের কন্যা ভালো আছে। আমরা দুজনেই খুব সৌভাগ্যবান যে জীবনের এই অধ্যায় আমাদের দেখার সুযোগ হলো। আপনারা নিশ্চয়ই বুঝবেন এই সময় আমাদের কিছুটা ব্যক্তিগত পরিসরে জরুরি। তাই সবার কাছ থেকে এ ব্যাপারে সহযোগিতা চাইছি।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া টেস্ট চলার মাঝেই প্রথম ডে নাইট তেস্ট খেলেই বাড়ি ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে এসেছিলেন ক্যাপ্টেন বিরাট কোহলি।
এর আগে ২০১৭ সালের ৯ ডিসেম্বর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসেন কোহলি ও আনুশকা। আর বিয়ের তিনবছর পর তাদের সংসারে এলো প্রথম সন্তান।


