গতকাল বিকাল চারটা থেকে রাত প্রায় সাড়ে আটটা পর্যন্ত দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আনুষ্ঠানিক আলোচনা এ বার্তা দেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। সভায় চতুর্থ ধাপের ৫৬ পৌরসভার প্রার্থী চূড়ান্ত করা হয়। এতে অধিকাংশ জায়গায় নতুন মুখ ও নারী প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ,ডঃ আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুখ খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।
নৌকার পক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দলে অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মী রয়েছেন। তাদের অনেকেই যোগ্য কিন্তু একজনকে বেছে নিতে হয়। প্রথমে কিছু মান অভিমান থাকলেও নেতা- কর্মীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। কিন্তু সমস্যা কিছু মন্ত্রী- এমপি এবং নেতাদের মধ্যে নিজেদের পছন্দের প্রার্থী জন্য তারা নৌকার প্রতীক এর বিরোধীতা করেন। আমার কথা সবার আমলনামা আমার হাতে। যারা পৌরসভার নৌকার বিরোধিতা করবেন তারা আগামী সংসদ নির্বাচনে নৌকা পাওয়ার যোগ্যতা হারাবেন। তাদের নৌকা দেবোনা। বৈঠকে প্রতিটি পৌর এলাকার প্রার্থী আমলনামা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়। বিগত সময়ে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবারও তাদের দলীয় মনোনয়ন দেওয়া হয়নি।


