ফরিদপুর জেলার পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে শরীয়তপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এবং ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক এ,এইচ,এম রাশেদ এর উপস্থিতিতে শরীয়তপুর সদর উপজেলার তিনটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এই সময় ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর চরসোনামুখী এমন,কে,এম ব্রিকসকে ৫০হাজার টাকা, মনোহর বাজার চরমধ্যপাড়ার মেসার্স আর,বি,এমন ব্রিকসকে ৫০হাজার টাকা, এবং মনোহর বাজার চর মধ্যপাড়া এলআরবি ব্রিকসকে ৫০হাজার টাকা সহ তিনটি ইটভাটাকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।
ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস মোবাইল কোর্টে প্রসিকিউশন হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া মোবাইল কোর্টের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে মোবাইল কোট থেকে জানানো হয়।


