শরীয়তপুরে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। শরীয়তপুরের নিম্নাঞ্চল এলাকার বাসিন্দারা এতে বিপাকে পড়েছেন।
আজ ৩০ আগস্ট সোমবার শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সকাল ০৮ টা নাগাদ পদ্মা নদীর পানি জোয়ারের সময় বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা দুপুরে ভাটার সময় বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পদ্মা নদী তীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন এবং খোঁজ নিয়ে জানা যায়, জাজিরা উপজেলা পালেরচর, নাওডুবা, বিলাসপুর, জাজিরা ইউনিয়ন ও নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়ন এর বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকতে শুরু করেছে।
শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব জানান, পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর তীরবর্তী অঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। তবে আগামী এক সপ্তাহের ভেতরে পানি কমার সম্ভাবনা রয়েছে।


