শরীয়তপুর জেলার সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চরপাতাং এলাকার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব হাওলাদার এবং তার পাশের প্রবাসী বাবুল সরদার বাড়ি থেকে গতকাল ৩০ আগস্ট সোমবার দুপুরে ৫২ বস্তা সরকারি চাল আটক করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা খাতুন।
এ বিষয়ে শরিয়তপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা খাতুন বলেন, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রব হাওলাদার ও বাবুল সরদার এর বাড়ি থেকে ৫২ বস্তা সরকারি চাল আটক করা হয়েছে।
এসময় তিনি আরো জানান, আব্দুর রব হাওলাদার ও বাবুল সরদার যে সকল কাগজপত্র দেখিয়েছেন তা আইনসম্মত না হওয়ায় আমরা চাল আটক করেছি। পরে শরীয়তপুর জেলা খাদ্য নূরুল হক ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।
জেলা খাদ্য কর্মকর্তা নুরুল হক এ বিষয়ে জানান, পুলিশের কাছ থেকে ব্যবসায়ী আব্দুর রব হাওলাদার চাল কিনেছেন এই মর্মে তার কাছে একটি প্রত্যয়ন পত্র রয়েছে। আমরা চালগুলো আটকে রেখেছি বিষয়টি খতিয়ে দেখার জন্য। আব্দুর রব হাওলাদারের কাছে পুলিশ সুপারের নামে ডিউ করা চার টন চালের অর্ডার কপি রয়েছে।
আওয়ামীলীগ নেতা আব্দুর রব হাওলাদার এ বিষয়ে বলেন, আমি এ চাল ব্যবসার উদ্দেশ্যে পুলিশ লাইন থেকে কিনেছি। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে। আমি নির্বাচনে আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে চাই। এই কারণে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
শরীয়তপুর পুলিশ লাইনের রিজার্ভ ইন্সপেক্টর (আড়আই) খন্দকার মাহবুবুর রহমান জানান, আমি এ চালের বিষয় কিছুই জানিনা।


