বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর গুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রামসহ দেশের সকল সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত এর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপের প্রভাবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে অন্যান্য বিভাগের চেয়ে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে।
গতকাল ১২ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশের অভ্যন্তরের নদী বন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর,দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল ঢাকা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে ঘন্টা ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টিও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর গুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


