আগামী মঙ্গলবার থেকে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা চূড়ান্ত করতে দ্বিতীয় দফা তিন দিনব্যাপী সিরিজ বৈঠকে বসবে বিএনপির হাইকমান্ড। উক্ত বৈঠকগুলোতে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি মিলে মোট ৩৬৩ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বৈঠকের প্রথম দিন মঙ্গলবার ঢাকা ও ফরিদপুর বিভাগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি মিলে মোট ১২৬ জন কে আমন্ত্রণ জানানো হয়েছে।
দ্বিতীয় দিন বুধবার কুমিল্লা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি মিলে ১২৯ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তৃতীয় ও শেষ দিন বৃহস্পতিবার খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের নির্বাহী কমিটির সদস্য এবং জেলা সভাপতি মিলে মোট ১০৮ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বৈঠকের বিষয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, বৈঠকগুলো হবে বিভাগভিত্তিক। ইতিমধ্যে তাদের আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রতিদিন বিকেল সাড়ে তিনটায় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন তারেক রহমান। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।


