শরীয়তপুরে পদ্মা নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় নদীতে অব্যাহতভাবে ভাঙ্গন সৃষ্টি হচ্ছে। বর্তমানে শরীয়তপুর পদ্মা নদীর পানি বিপদসীমার ৬৪ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। যে কারণে ভোগান্তির শিকার হচ্ছে নদীর তীরবর্তী কয়েক হাজার মানুষ।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীর পানি প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং অনেক এলাকায় তীব্র ভাঙ্গন সৃষ্টি হচ্ছে। ভাঙ্গনরোধে পদ্মা, মেঘনা ও কীর্তিনাশা নদীর ভাঙ্গন কবলিত স্থানের বালুভর্তি জিও ব্যাগ, জিও টিউব ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।এছাড়া নড়িয়া - জাজিরা সড়কের উপর বন্যার পানি উঠে যাওয়ায় যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে।
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পালেরচর, বড়কান্দি, কুন্ডেরচর ও জাজিরা ইউনিয়নের পদ্মা নদীর পারের বেশ কয়েকটি স্থানে ভাঙ্গন অব্যাহত রয়েছে। পদ্মা নদীর পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় নদীর তীরের নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে।


