আজ ৩ সেপ্টেম্বর শুক্রবার তালেবানের কয়েকটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানায়, নতুন আফগান সরকারের নেতৃত্বে থাকছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা বারাদার। তারা আরো জানায়, খুব দ্রুতই দেশটিতে নতুন মন্ত্রীপরিষদ ঘোষণা করা হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান মোল্লা বারাদার এর সঙ্গেই গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই।
এছাড়া তালেবান সূত্রে খবর পাওয়া যায়, তালেবানের শীর্ষ নেতারা ইতিমধ্যে কাবুলে পৌঁছেছেন। সেখানে নতুন সরকার ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অপর একটি সূত্র থেকে জানা যায়,তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা ধর্মীয় বিষয় এবং ইসলামের আলোকে শাসন পরিচালনার বিষয়ে দেখাশোনার দায়িত্ব পেতে পারেন।


