সংসদ সদস্যদের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

0


 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ এক বছর পর গতকাল আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে অর্ধশতাধিক নেতা অংশগ্রহণ করেন। বৈঠকটি সকাল সাড়ে দশটায় শুরু হয়ে টানা সাড়ে তিনটা পর্যন্ত চলে।


এ সময় প্রধানমন্ত্রী তৃণমূলের নেতাকর্মীদের ওপর সংসদ সদস্যদের খবরদারি করতে নিষেধ করে, হুঁশিয়ারি প্রদান করে এমপিদের উদ্দেশে বলেন, নানা সমীকরণে এমপিদের মনোনয়ন প্রদান করা হয়। তারা দলের মনোনয়নে এমপি হন। এমপি হয়েই দলকে তারা ইচ্ছা মতো পরিচালনায় মরিয়া হয়ে ওঠেন কেউ কেউ। এটা চলবে না। দল চলবে তার নিজস্ব গতিতে। নিজস্ব বলয় ভারী করতে দলের ভিতরে উপদল তৈরি করবেন না।


তৃণমূলের দলীয় নেতাকর্মীদের ওপর সংসদ সদস্যদের কর্তৃত্বপরায়ন মনোভাবে ক্ষুব্দ দলীয় প্রধান শেখ হাসিনা বলেন, তৃণমূলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দূরে ঠেলে দেন। আবার কর্তৃত্ব নিতে কেউ কেউ উপজেলা সভাপতি - সাধারণ সম্পাদক হয়ে যান। সব কিছু নিতে হবে কেন?... দলের উপর এমপিদের এমন খবরদারি চলবে না। দল চলবে নিজস্ব গতিতে। এমপি দলকে সহযোগিতা করবেন। কোন বাড়াবাড়ি বরদাস্ত করা হবে না। কে কোথায় কি করছেন আমার কাছে সব তথ্য আছে। সে বিবেচনায় আগামীতে দলীয় মনোনয়ন প্রদান করা হবে।


বৈঠকে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা জানান, বৈঠকে প্রধানমন্ত্রীর সামনেই মাদারীপুরের তিন কেন্দ্রীয় নেতা প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ কথার কাটাকাটিতে জড়ান।


বৈঠকে বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকরা প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন জেলার রিপোর্ট পেশ করেন। এ সময় পাবনা, নাটোর ও মাদারীপুর জেলার আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব বিষয়টি বিস্তর আলোচনা করা হয়। ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, মাদারীপুরে কয়েকজন কেন্দ্রীয় নেতার জেলা। এখানে দ্বন্দ্ব দল বেশি। নবগঠিত উপজেলার ডাসার জেলা আওয়ামী লীগের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটিতে স্থানীয় এমপি ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপের লোক না থাকায় তিনি নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেন। দলীয় কোন্দল নিরসনে দলীয় প্রধানের হস্তক্ষেপ কামনা করেন মির্জা আজম। এ সময় দলের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ কোন কমিটি দেননি বলে দলীয় প্রধানকে জানান।


এরপর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান অভিযোগ করেন, আমি মাদারীপুর সদরের এমপি এবং দলের প্রেসিডিয়াম সদস্য। সদরের বিভিন্ন কর্মসূচি পালন করেন যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আমাকে দাওয়াত করা হয় না। এ সময় মাদারীপুরে দলের একজন নেতার স্মরণসভায় নাসিমকে প্রধান অতিথি করা একটি কার্ড দলীয় সভানেত্রী কে দেখান শাজাহান খান। একই সঙ্গে জেলা ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ সহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনুষ্ঠানে তাকে ডাক দেওয়া হয় না বলে অভিযোগ করেন শাজাহান খান।

এর জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন উনি (শাজাহান খান) দলীয় কর্মসূচি পালন করতে চান না। ডাকলে পাওয়া যায় না। কোন নেতা মারা গেলে স্মরণ করতে চাননা। ছাত্রলীগের সভাপতি বানাতে চান নিজের ছেলেকে। মহিলা আওয়ামী লীগের সভাপতি বানাতে চান স্ত্রীকে। অন্য সহযোগী সংগঠনের নেতৃত্বে আত্মীয়-স্বজনকে চান। উনি আওয়ামী লীগকে পরিবার লিগ বানাতে চান। এ সময় জবাব দিতে শুরু করেন শাজাহান খান।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয়কে থামিয়ে দিয়ে নাসিম কে উদ্দেশ্য করে বলেন, উনি (শাজাহান খান) জাসদ ছিলেন। তোমরাই তো তাকে দলে নিয়ে এসেছো। আমি চেয়েছিলাম উনি জাসদে থেকে আমার সঙ্গে কাজ করুক। এরপর দলের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান কাকে উদ্দেশ্য করে দলীয় সভানেত্রী শেখ হাসিনা বলেন, আপনি মুরব্বী। সবাইকে নিয়ে দলটা করবেন। রাজপথে আপনার অনেক অবদান রয়েছে। আমাদের দুঃসময়ে ছিলেন। নৌকা নিয়ে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আপনি কেন ডাক চাইবেন। সব আপনারই হবে। আপনার করে নিতে হবে। আপনি যদি নাসিম, গোলাপসহ সবাইকে ডাকেন কেউ আপনাকে ফেলে চলে যেতে পারবেনা। কেউ উপেক্ষা করতে পারবে না। এ সময় প্রধানমন্ত্রী ঠাট্টার ছলে শাজাহান খানকে উদ্দেশ্য করে বলেন, আগে আপনাকে আওয়ামীলীগ হতে হবে। পদে থাকলেই হবে না, আওয়ামী লীগকে ধারণ করতে হবে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটোর ও পাবনা জেলার দলীয় কোন্দল নিরসনের জন্য দ্রুত সম্মেলন দিতে নির্দেশনা প্রদান করলে, আগামী ৬ নভেম্বর নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলন এবং ৭ নভেম্বর পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ শরীয়তপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী সহ বিভিন্ন জেলাতে দ্রুত সম্মেলনের তাগিদ প্রদান করেন প্রধানমন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top