আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলা হবে। যদি করোনার সংক্রমণ আবারও বাড়তে থাকে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ ফের বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি আজ ১০ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১ টার দিকে রাজধানীর মহাখালীর তিতুমীর সরকারি কলেজের প্রথম বর্ষের বিডিএস ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসকল কথা জানান।
স্কুল খোলার পর আমেরিকাতে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশেও করোনার সংক্রমণ বৃদ্ধি পেলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ করা হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আর আমাদের দেশ এক কথা নয়। করোনার সংক্রমণ বৃদ্ধি পেলে অবশ্যই শিক্ষামন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করবে। আমরাও এ ধরনের পরামর্শ দেব।
এছাড়া ১৮ বছরের কম বয়সীদের করোনার টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রী জানান, এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনুমতি আসেনি। অনুমতি সাপেক্ষে শিশুদের টিকা বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। শিশুদের করণা আক্রান্তের হার বড়দের চেয়ে কম।


