টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের শুরুতেই স্কটল্যান্ড এর কাছে হোঁচট খেলেও ওমানের সাথে জিতে সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের টাইগাররা।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে বাংলাদেশ টাইগাররা শক্তিশালী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার সিরিজ জিতে ২০২১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের শুরুটা ভালোই করেছিল। সেই জয়ের ধারা সঙ্গে করেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পা রেখেছিল মধ্যপ্রাচ্যে। বিশ্বকাপের শুরুতেই স্কটল্যান্ড এর কাছে ছয় রানে হেরে যায় বাংলাদেশ। ওমানের কাছে পরাজিত হলেই বিদায় এমন পরিস্থিতিতে 'ডু অর ডাই' ম্যাচে ওমানের বিপক্ষে ২৬ রানে জিতে নিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
স্কটল্যান্ডে বিপক্ষে ১৪০ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলতে পেরেছিল মাত্র ২৫ রান তাও আবার দুই উইকেট হারিয়ে। আর ওমান এর বিপক্ষে পাওয়ার প্লের ৬ ওভারে করতে পেরেছিল ২৯ রান ২ উইকেট হারিয়ে। তাই বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবার পাওয়ার প্লেতে উন্নতি করতে চাচ্ছেন।
পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ শুরুর আগে বাংলাদেশ অধিনায়কের চাওয়া, আমরা কিছু জায়গায় উন্নতি করতে চাই। কিছু ভুল শুধরে নিতে চাই। আমি মনে করি প্রথম ছয় ওভারে ব্যাটিংয়ের উন্নতি খুবই প্রয়োজন। এই সময়ের আমাদের বোলিংয়ের উন্নতি প্রয়োজন। শেষের দিকে বোলিংটা ভালো হচ্ছে। এটাই আমাদের স্বস্তি।

