কুমিল্লার নানুয়া দীঘির পাড়ের পূজামণ্ডপে কোরআন শরীফ রাখার কথা স্বীকার করেছেন আটককৃত ইকবাল হোসেন। আজ শুক্রবার বিকালে তাকে কুমিল্লার পুলিশ লাইনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পূজামণ্ডপে কোরআন শরীফ রাখার কথা স্বীকার করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আইন-শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া ইকবাল জানান, পূজামণ্ডপে পবিত্র কুরআন শরীফ রাখার পর হনুমানের মূর্তি থেকে গদাও সরিয়ে নেন তিনি। তবে কেন এবং কাদের নির্দেশে এই কাজ করেছেন তা এখনো জানাননি ইকবাল। গ্রেফতারের পর থেকেই অসংলগ্ন আচরণ করছেন তিনি।
ইকবাল হোসেন কুমিল্লা নগরীর ১৭নং ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর - লস্করপুর এলাকার নুর আহমদ আলমের ছেলে। তার বয়স ৩০ বছর। মায়ের নাম আমেনা বেগম। ইকবালের মা জানান, তার তিন ছেলে ও দুই মেয়ে। ইকবাল সবার বড়।১৯৯০ সালের ৬ আগস্ট তার জন্ম।
উল্লেখ্য, ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। অতঃপর আজ শুক্রবার দুপুরের দিকে কুমিল্লা পুলিশ লাইনে আনার পর তাকে জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট।

