শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নৌকার প্রার্থী সিরাজুল ইসলাম ঢালীর ওপর হামলা ও আওয়ামী লীগের অফিস ভাংচুরের মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের হাবিবুর রহমান ঢালী সহ নেতা কর্মীরা। গতকাল ০৯ নভেম্বর মঙ্গলবার বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান ঢালী সহ তার কর্মীরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
জামিনে মুক্ত হয়ে বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান ঢালী বলেন, আমি বিগত ৩৫ বছর যাবৎ রুদ্রকর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছি। আমার জীবন যৌবন টাকাপয়সা সব দলের পেছনে ব্যয় করেছি। জনগণ দুই দুইবার আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছে। সিরাজুল ইসলাম আওয়ামী লীগের কেউ নন। তার জনপ্রিয়তা নেই। তাকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। সিরাজুল ইসলাম ঢালী নির্বাচনে তার ভরাডুবি হবে এটা জেনেই সে এবং তার লোকজন আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছিল। সে চেষ্টার অংশ হিসেবে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। বিভিন্ন জায়গায় আমার পোস্টার ছিঁড়ে ফেলা থেকে শুরু করে হুমকি-ধামকি দিয়ে আসছিল।সিরাজ ঢালী নাটক সাজিয়ে তার লোকজন দিয়ে আওয়ামী লীগের ক্লাব ভাঙচুর করে আমার এবং আমার লোকজনের ওপর দোষ চাপিয়েছে। সিরাজ ঢালী নিজে আওয়ামী লীগের অফিসের বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করার সময় কাঁচের টুকরো তার চোখে লাগে আর তার দায় পরে আমার উপর এবং আমার লোকজনের উপর।
এ সময় বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান ঢালী ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে তাকে ও তার কর্মীদের জামিন প্রদান করায় আদালতকে ধন্যবাদ জানান।সেই সাথে প্রশাসনের দাবি জানান, রুদ্রকর ইউপির নির্বাচন যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন।

