তিনটি গ্রুপে বিভক্ত হয়ে গেছে এখন বাংলাদেশের ক্রিকেট বিসিবি, ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমী জনগণ। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পরে বিসিবি কর্মকর্তা ও ক্রিকেট প্রেমীদের সমালোচনায় ত্যক্ত-বিরক্ত ক্রিকেটাররাও দিচ্ছেন পাল্টা জবাব। এক সিনিয়র ক্রিকেটার আয়নায় নিজেদের চেহারা দেখতে বলেছেন। বাংলাদেশের ক্রিকেটে এ ধরনের ঘটনা পূর্বে কখনো আর দেখা যায়নি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করায় বাংলাদেশ ক্রিকেটকে নতুন করে সাজাতে এবার নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক প্যানেল পরিবর্তন আনার ইঙ্গিত প্রদান করেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদের বাহিনীর বাজে পারফরমেন্সের জন্য রাসেল ডমিঙ্গো, আসোয়েল প্রিন্স, রায়ান কুকদের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসছে বিসিবি। এ বিষয়ে ক্রিকেটারদের দেশে ফেরার দিন গত শুক্রবার বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বোর্ড পরিচালকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্রিকেটে আমূল পরিবর্তন আনার জন্য বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আসন্ন পাকিস্তান সিরিজেই বাংলাদেশ ক্রিকেট দলের আমূল পরিবর্তন দেখা যেতে পারে। পাকিস্তান সিরিজের পর পরেই বাংলাদেশ টাইগারদের কোচিং স্টাফ ডমিঙ্গো গংদের পরিবর্তে দায়িত্ব দেওয়া হতে পারে চন্ডিকা হাথুরুসিংহে হাতে। এছাড়া বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে অন্তর্ভুক্ত করা হতে পারে। শুধু কোচিং স্টাফ নয় পরিবর্তন আসার ইঙ্গিত মিলেছে নির্বাচক প্যানেলেও বাদ পড়তে পারেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড থেকে লিটন দাস ও সৌম্য সরকার সহ ৫থেকে ৬ জনকে আসন্ন পাকিস্তান সিরিজ থেকে বাদ দেয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। আর এই বাংলাদেশ ক্রিকেটের আমূল পরিবর্তনের পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন এর কাঁধে।

