স্থায়ী ঠিকানা না থাকায় মেধাতালিকায় পঞ্চম হয়েও পুলিশের চাকরি হচ্ছে না বাবা হারা মেয়ে বরিশালের আসফিয়ার। তাই আসফিয়ার পুলিশের চাকরি না হলে অনশনে বসার ঘোষণা দিয়েছেন কবি নির্মলেন্দু গুণ।
এ বিষয়ে কবি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ভূমিহীন হলে পুলিশের চাকরি করা যাবে না এরকম একটা আইন রয়েছে সেটাই তো আমি জানতাম না। মেধাতালিকায় পঞ্চম হয়েও ভূমিহীন বলে বরিশালের আসপিয়া চাকরি পাবে না, এটা হতে পারে না। এটা হতে দেয়া যায় না। এই আইন বাতিল কিংবা সংশোধন করে তাকে চাকরি দেওয়া হোক। নইলে আমি অনশনে বসবো।
আশফিয়া চাকরি না হওয়ার ব্যাপারে গণমাধ্যমকে জানান, আমি নিজের যোগ্যতা বলে পুলিশের চাকরির সাতটি ধাপ পেরিয়ে চূড়ান্ত নিয়োগ এর অপেক্ষায় ছিলাম। এরমধ্যে হিজলা থানার ওসি আমাকে জানান চাকরি পেতে হলে নিজেদের জমিসহ একটি ঘর থাকতে হবে। কিন্তু আমাদের কোনো জমি নেই। আমরা একজনের জমিতে বছরের পর বছর ধরে বাস করে আসছি। জমি নেই বলে আমার চাকরি হবে না, এটা বিশ্বাস হচ্ছিল না।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল রেঞ্জের ডিআইজি নিকট গিয়ে এ বিষয়টি নিয়ে অনুনয়-বিনয় করেন আশফিয়া। কিন্তু চাকরি দেওয়ার ক্ষেত্রে আইনি বাধা থাকায় বরিশাল রেঞ্জের ডিআইজি বলেন তার এই বিষয়ে কিছু করার নেই।

