ভারতের এনফর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ২০০ কোটি রুপি প্রতারণার মামলায় সুকেশ চন্দ্র শেখরের সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে অন্তর্ভুক্ত করে চার্জশিট দাখিল করেছে। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, জ্যাকুলিনের মেকআপ শিল্পীর মাধ্যমে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে পরিচয় হয়েছিল তার। জ্যাকুলিনের মেকআপ শিল্পীকে ফোন করে সুকেশ চন্দ্র শেখর বলেছিলেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। এছাড়া সুকেশ নিজেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা আত্মীয় দাবি করেছিলেন। জানিয়েছিলেন তিনি সান টিভির স্বত্বাধিকারী।
চার্জশিটে উল্লেখ করা হয় জ্যাকুলিনের সঙ্গে সুকেশের প্রথম কথা হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হোয়াটসঅ্যাপে। ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত তারা একে অপরের সাথে যোগাযোগ রেখেছিলেন। সুকেশ গ্রেপ্তারের আগ পর্যন্ত জ্যাকুলিনকে কোটি কোটি টাকার উপহার পাঠিয়েছিলেন। রিপোর্ট অনুযায়ী জ্যাকলিনের জন্য চার্টার্ড বিমান এর ব্যবস্থা করেছিলেন সুকেশ। জ্যাকুলিনের কথামতো এক চিত্রনাট্যকারকে টাকা দেওয়ার কথা চার্জশিটে উল্লেখ আছে।
ইডিকে জ্যাকুলিন ফার্নান্দেজ বলেন, সুকেশ নিজের পরিচয় দিয়েছিলেন শেখর রত্ন নামে। ২০২০ এর ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সুকেশ জ্যাকুলিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু বারবার ব্যর্থ হওয়ার পর জ্যাকুলিনের মেকআপ শিল্পীর সাহায্য নিয়ে সফল হন।
এছাড়া উক্ত মামলার বিষয়ে বলিউডের বর্তমান সময়ের হার্টথ্রব আইটেম গাল নোরা ফাতেহিকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সে জিজ্ঞাসাবাদ থেকে জানা যায়, নোরাকে বিএমডব্লিউ ৫ সিরিজের গাড়ি উপহার দিয়েছিলেন সুকেশ।

