দেশের উত্তরাঞ্চল থেকে চলতি সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। গত রাত থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করায় শীত আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ডিসেম্বরের শেষ দিকে আমাদের দেশে সাধারণত শীতের তীব্রতা বাড়ে। ফলে সার্বিকভাবে দেশের তাপমাত্রা কমে যায়। তাই ডিসেম্বরের শেষ দিকে দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ পুরো দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে জানান, গত রাত থেকে দেশে ঠান্ডা বাতাস বইছে। এই বাতাস উত্তর- উত্তর পূর্ব দিক থেকে বইছে। ১৯ ডিসেম্বর রবিবার তেতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ সেন্টিগ্রেড।

