শরীয়তপুর জেলার সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর ভাসান চর গ্রামের মল্লিক বাড়ির পার্শ্ববর্তী ফসলি জমি থেকে কুড়িয়ে পাওয়া হাতবোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে একটি শিশু। আহত শিশুটির নাম মাহিম হোসেন, বয়স ৬ বছর। শিশুটি উত্তর ভাসান চর গ্রামের কুটি মল্লিকের ছেলে। আহত শিশুটিকে শরীয়তপুরের হাজী শরীয়ত উল্লাহ ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আজ ১ ডিসেম্বর বুধবার দুপুরের দিকে শরীয়তপুর সদর উপজেলার উত্তর ভাসানচর গ্রামে উক্ত বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ ঘটনার খবর পেয়ে শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর রহমান ও শরীয়তপুরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) আক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বোমা বিস্ফোরণের ঘটনা সম্পর্কে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আক্তার হোসেন জানান, উত্তর ভাসানচর মল্লিক বাড়ির পাশে ফসলি জমি থেকে শিশু মাহিন হোসেন খেলার বল মনে করে বাড়িতে নিয়ে আসে বোমাটি এবং হাত বোমাটিতে পেচানো টেপ খুলতে গেলে বোমাটি শিশুটির হাতেই বিস্ফোরিত হয়। এতে শিশুটির ডান হাত ও মুখমণ্ডলসহ বুকের ভিন্ন স্থানে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ আলামত উদ্ধার করেছে। আর শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

