বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর এজন্য দেশের সকল সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে।
আজ ৩ ডিসেম্বর শুক্রবার আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসকল কথা জানিয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর আজ ঘূর্ণিঝড় "জাওয়াদ" সম্পর্কে জানায়, নিম্নচাপটি শুক্রবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। শনিবার থেকে ঘূর্ণিঝড় টি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় টি আগামীকাল শনিবার ভারতের উত্তর অন্ধপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল হয়ে বাংলাদেশের দিকে আসতে পারে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপ আকারে এখন অবস্থানরত ঘূর্ণিঝড়টি শুক্রবার সকাল নাগাদ চট্টগ্রাম বন্দর থেকে ১হাজার ১৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপটি কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা গুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং তাদেরকে গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে।

