শরীয়তপুর জেলার ডামুড্যায় এক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বসির বেপারী (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে ডামুড্যা থানায় মামলা করেছেন বলে জানান ডামুড্যা থানা অফিসার ইনচার্জ শরীফ আহমেদ।
সোমবার দুপুরে মামলাটি করেন ভুক্তভোগী ছাত্রীর মা। অভিযুক্ত বসির বেপারী উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের সুলাইমান বেপারীর ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার সকালে ঝড়ের পরে আম কুড়ানোর জন্য মেয়েটির মা ও বোন বাড়ির পাশে বাগানে যায়। এই সুযোগে মেয়েটির ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত বেপারী। এসময় ভুক্তভোগীর চিৎকারে এক প্রতিবেশী নারী এগিয়ে এলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়।
অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন ডামুড্যা থানা অফিসার্স ইনচার্জ শরীফ আহমেদ। তিনি বলেছেন, এই ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


