প্রবাসীদের ঈদ আছে, তবে দেশে সবাইকে নিয়ে ঈদ উদযাপনের মতো আনন্দ সেখানে নেই। বরং প্রিয়জন ছাড়া ঈদের সময় এক ধরনের বিষাদ কাজ করে মনে। ইচ্ছে করলেই বাস-ট্রেনের টিকিট কেটে বাড়ি ফেরা যায় না। দেখা হয় না পরিবার-পরিজনের সাথে।
এবারের ঈদের দিন কর্মদিবস হওয়ায় প্রবাসীরা খুব ভোরে নতুন পোশাক পরে আগে-ভাগে বের হয়ে পড়েন ঈদের নামাজ আদায় করতে। এরপর শুরু হয় সারা দিনের কর্ম দিবস। ফাঁকে ফাঁকে দেশে প্রিয়জনদের সাথে মুঠোফোনে চলে শুভেচ্ছা বিনিময়।
সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় প্রবাসী বাঙালিরা পরিবার নিয়ে মিলিত হয় একে অপরের সাথে শ্রদ্ধা, ভালোবাসায় পরিণত হয় মিলনমেলা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই একত্রিত হয়ে মেতে ওঠেন নানা গল্প আর আড্ডায়।
আড্ডায় ঈদ আনন্দের সাথে উঠে আসে দেশের ফেলে আসা দিনের স্মৃতিচারণ। পাশাপাশি চলে ঈদ উপলক্ষে নানা সুস্বাদু খাবার।বিশেষ এই দিনে প্রতিটি মুহূর্তে মনে পড়ে দেশের স্মৃতি, চেনা মুখগুলো না দেখতে পাওয়ার কষ্ট। অনেকেই ভার্চুয়ালি যুক্ত হন দেশের আত্মীয়স্বজনের সঙ্গে আলাপচারিতায়। এই আলাপে কারো কারো নয়ন ভেসে আসে পানিতে। অশ্রুসিক্ত নয়নে দেশে একসাথে ঈদ না করতে পারার আক্ষেপও।


